ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন তা না হলে পরিস্থিতি ভয়াবহ হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়েই চলছে। সরকারের দেওয়া ১১ দফা বিধিনিষেধ না মানলে দেশের পরিস্থিতি ভয়াবহ হবে, তখন বাধ্য হয়ে লকডাউনে যেতে হবে। শনিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট ও সিটি স্ক্যান মেশিন উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউন দিলে দেশের ক্ষতি হবে। আমরা সেদিকে যেতে চাই না, তাই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। তা না হলে পরিস্থিতি ভয়াবহ হবে।


তিনি আরও বলেন, করোনা খুবই ঊর্ধ্বমুখী। গতকাল প্রায় ৪ হাজার ৪০০ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং এর শতকরা হার ১৩ শতাংশ ছাড়িয়ে গেছে। প্রতিদিন এক থেকে তিন শতাংশ হারে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে আর এই হারে বাড়াটা খুবই আশঙ্কাজনক। বর্তমানে প্রায় এক শতাংশ লোকের আইসিইউ প্রয়োজন হচ্ছে আর এই হারে রোগীর সংখ্যা বাড়তে থাকলে হাসপাতালে জায়গা হবে না।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশাদ উল্লাহসহ স্বাস্থ্য খাতের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page

↑